যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে,
সে কি আজ দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে॥
ও কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি।
আজ কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
ও কি তার চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে॥
না গো না, দেয় নি ধরা, হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে।
সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে--
ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে॥
ye kebal pāliẏe ber̤āẏ, dṛṣhṭi er̤āẏ, ḍāk diẏe yāẏ iṅgite,
se ki āj dil dharā gandhe-bharā basanter ei saṅgīte||
o ki tār uttarīẏ aśhokaśhākhāẏ uṭhal duli|
āj ki palāśhabne oi se bulāẏ raṅer tuli|
o ki tār charaṇ par̤e tāle tāle mallikār oi bhaṅgīte||
nā go nā, deẏ ni dharā, hāsir bharā dīrghaśhbāse yāẏ bhese|
michhe ei helā-dolāẏ manke bholāẏ, ḍheu diẏe yāẏ sbapne se|
se bujhi lukiẏe āse bichchhedera̮i rikt rāte,
naẏaner ār̤āle tār nity-jāgār āsan pāte--
dheẏāner barṇachhaṭāẏ byathār raṅe manke se raẏ raṅgite||