যাত্রী আমি ওরে,
পারবে না কেউ আমায় রাখতে ধরে।।
দু:খসুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে,
বিষয়বোঝা টানে আমায় নীচে– ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।।
যাত্রী আমি ওরে,
চলতে পথে গান গাহি প্রাণ ভ’রে।
দেহদুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার,
ভালো মন্দ কাটিয়ে হব পার– চলতে রব লোকে লোকান্তরে।।
যাত্রী আমি ওরে,
যা-কিছু ভার যাবে সকল সরে।
আকাশ আমায় ডাকে দূরের পানে ভাষাবিহীন অজানিতের গানে,
সকাল-সাঁঝে আমার পরান টানে কাহার বাঁশি এমন গভীর স্বরে।।
যাত্রী আমি ওরে,
বাহির হলেম না জানি কোন্ ভোরে।
তখন কোথাও গায় নি কোনো পাখি, কী জানি রাত কতই ছিল বাকি,
নিমেষহারা শুধু একটি আঁখি জেগে ছিল অন্ধকারের প’রে।।
যাত্রী আমি ওরে,
কোন্ দিনান্তে পৌঁছব কোন্ ঘরে।
কোন্ তারকা দীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন্ কুসুমের ঘ্রাণে,
কে গো সেথায় স্নিগ্ধ দু’নয়ানে অনাদিকাল চাহে আমার তরে।।
yātrī āmi ore,
pārbe nā keu āmāẏ rākhte dhare||
du:khasukher bām̐dhan saba̮i michhe, bām̐dhā e ghar ra̮ibe kothāẏ pichhe,
biṣhaẏabojhā ṭāne āmāẏ nīche– chhinn haẏe chhar̤iẏe yābe par̤e||
yātrī āmi ore,
chalte pathe gān gāhi prāṇ bha’re|
dehadurge khulbe sakal dbār, chhinn habe śhikal bāsnār,
bhālo mand kāṭiẏe hab pār– chalte rab loke lokāntare||
yātrī āmi ore,
yā-kichhu bhār yābe sakal sare|
ākāśh āmāẏ ḍāke dūrer pāne bhāṣhābihīn ajāniter gāne,
sakāl-sām̐jhe āmār parān ṭāne kāhār bām̐śhi eman gabhīr sbare||
yātrī āmi ore,
bāhir halem nā jāni kon bhore|
takhan kothāo gāẏ ni kono pākhi, kī jāni rāt kata̮i chhil bāki,
nimeṣhhārā śhudhu ekṭi ām̐khi jege chhil andhakārer pa’re||
yātrī āmi ore,
kon dinānte peৗm̐chhab kon ghare|
kon tārkā dīp jbāle seikhāne, bātās kām̐de kon kusumer ghrāṇe,
ke go sethāẏ snigdh du’naẏāne anādikāl chāhe āmār tare||