তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার !
মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে শতলক্ষবার।।
কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-’পরে
গোপন শিহিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক’রে ।
নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।
পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।
tumi par̤itechh hese taraṅger mato ese
hṛdaẏe āmār|
yaubanasamudramājhe kon pūrṇimāẏ āji
esechhe joẏār|
uchchhal pāgal nīre tāle tāle phire phire
e mor nirjan tīre kī khelā tomār !
mor sarb bakṣh jur̤e kat nṛtye kat sure
es kāchhe yāo dūre śhatalakṣhabār||
kusumer mato śhbasi par̤itechh khasi khasi
mor bakṣh-’pare
gopan śhihirachhle bindu bindu aśhrujle
prāṇ sikt ka’re |
niḥśhabd saurabhrāśhi parāne paśhichhe āsi
sukhasbapn parkāśhi nibhṛt antare|
paraśhapulke bhor chokhe āse ghumghor,
tomār chumban mor sarbāṅge sañchare|