তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি॥
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক'রে তায় গেল চলি--
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি॥
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে--
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি॥
tomār āsan pātab kothāẏ he atithi|
chheẏe gechhe śhukno pātāẏ kānanbīthi||
chhil phuṭe mālatīphul kundakli,
uttarabāẏ luṭh ka're tāẏ gel chali--
hime bibaśh banasthalī biralgīti
he atithi||
sur-bholā oi dharār bām̐śhi luṭāẏ bhum̐ẏe,
marme tāhār tomār hāsi dāo nā chhum̐ẏe|
mātbe ākāśh nabīn raṅer tāne tāne,
palāśh bakul byākul habe ātmadāne--
jāgbe baner mugdh mane madhur smṛti
he atithi||