তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি--
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥
সেচন কোরো-- তার পথে পথে সেচন কোরো--
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি,
মলিন না হয় চরণ তারি--
তোমার সুন্দর ওই গো--
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি--আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো--
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো ॥
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার--
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল-- রঙে রঙে রাঙা হল-- কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক-মগন--
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
পরান প্রদীপ-- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-
রেখো না, রেখো না গো দূরে--
ওই আলোতে জ্বেলো গো ॥
tomār ānand oi go
tomār ānand oi el dbāre, el el el go, ogo purbāsī|
buker ām̐chalkhāni sukher ām̐chalkhāni--
dukher ām̐chalkhāni dhulāẏ pete āṅināte melo go ||
sechan koro-- tār pathe pathe sechan koro--
pā phelbe yethāẏ sechan koro gandhabāri,
malin nā haẏ charaṇ tāri--
tomār sundar oi go--
tomār sundar oi el dbāre, el el el go|
hṛdaẏakhāni--ākul hṛdaẏakhāni sammukhe tār chhar̤iẏe phelo--
rekho nā, rekho nā go dhare, chhar̤iẏe phelo phelo go ||
tomār sakal dhan ye dhany hal hal go|
biśhbajner kalyāṇe āj gharer duẏār--
gharer duẏār kholo go|
rāṅā hal-- raṅe raṅe rāṅā hal-- kār hāsir raṅe
hero rāṅā hal sakal gagan, chitt hal pulak-magan--
tomār nity ālo el dbāre, el el el go|
parān pradīp-- tomār parān-pradīp tule dhoro oi ālote-
rekho nā, rekho nā go dūre--
oi ālote jbelo go ||