তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া —
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া ।।
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া ।
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া ।।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি—
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি।
তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে—
রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা ।।
tomār kaṭi-taṭer dhaṭi ke dil rāṅiẏā —
komal gāẏe dil parāẏe raṅin āṅiẏā ||
bihānbelā āṅinātle esechh tumi kī khelāchhle—
charaṇ duṭi chalite chhuṭi par̤ichhe bhāṅiẏā |
tomār kaṭi-taṭer dhaṭi ke dil rāṅiẏā ||
kiser sukhe sahās mukhe nāchichh bāchhni—
duẏār-pāśhe jannī hāse heriẏā nāchni|
tāthei-thei tālir sāthe kām̐kan bāje māẏer hāte—
rākhāl-beśhe dharechh hese beṇur pām̐chni|
kiser sukhe sahās mukhe nāchichh bāchhni|
nikhil śhone ākul-mane nūpur-bājnā,
tapan-śhaśhī herichhe basi tomār sājnā|
ghumāo yabe māẏer buke ākāśh cheẏe rahe o mukhe,
jāgile pare prabhāt kare naẏan-mājnā|
nikhil śhone ākul-mane nūpur-bājnā ||