Shyaamlaa baran baamlaa maayer roop dekhe yaa

শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
Language

শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয়
গিরি–দরি, বনে–মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়।।
ধানের ক্ষেতে, বনের ফাঁকে, দেখে যা মোর কালো মা–কে
ধূলি–রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ বাজায়।।
ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লীগ্রামে এক্‌লাটি
বিজনমাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা, খড়, মাটি
কালো মেঘের ঝারি নিয়ে করুণা–বারি ছিটায়।।
কাজলা–দীঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম–মুখ
খেলে বেড়ায় ডাকাত–মেয়ে বনে লয়ে বাঘ–ভালুক
ঝড়ের সাথে নৃত্যে মাতে বেদের সাথে সাপ নাচায়।।
নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার
সাঁঝের বারান্দাতে দাঁড়ায় টীপ প’রে সন্ধ্যা–তারার।
ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোর বেলায়।
হরিত শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে গায় বাউল মাঠের মাঝে (মা)।
গঙ্গা–তীরে শ্মশান–ঘাটে কেঁদে কভু বুক ভাসায়।।

śhyāmlā baraṇ bāṁlā māẏer rūp dekhe yā, āẏ re āẏ
giri–dari, bane–māṭhe, prāntare rūp chhāpiẏe yāẏ||
dhāner kṣhete, baner phām̐ke, dekhe yā mor kālo mā–ke
dhūli–rāṅā pather bām̐ke bairāginī bīṇ bājāẏ||
bhīru meẏe pāliẏe ber̤āẏ pallīgrāme ek‌lāṭi
bijanmāṭhe grām se basāẏ niẏe kādā, khar̤, māṭi
kālo megher jhāri niẏe karuṇā–bāri chhiṭāẏ||
kājlā–dīghir padmaphule yāẏ dekhā tār padm–mukh
khele ber̤āẏ ḍākāt–meẏe bane laẏe bāgh–bhāluk
jhar̤er sāthe nṛtye māte beder sāthe sāp nāchāẏ||
nadīr srote pāthar nur̤ir kām̐kan chur̤i bāje tār
sām̐jher bārāndāte dām̐r̤āẏ ṭīp pa’re sandhyā–tārār|
ūṣhār gāṅe ghaṭ bharite yāẏ se meẏe bhor belāẏ|
harit śhasye luṭāẏ ām̐chal jhillite nūpur bāje
bhāṭiẏāli gāẏ bhāṭir srote gāẏ bāul māṭher mājhe (mā)|
gaṅgā–tīre śhmaśhān–ghāṭe kem̐de kabhu buk bhāsāẏ||