সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে,
কোন্ সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে॥
এক নিমেষেই রাত্রি হল ভোর, চিরদিনের ধন যেন সে মোর,
পরিচয়ের অন্ত যেন কোনোখানে নাইকো একেবারে--
চেনা কুসুম ফুটে আছে না-চেনা এই গহন বনের ধারে
অজানা এই পথের অন্ধকারে॥
জানি জানি দিনের শেষে সন্ধ্যাতিমির নামবে পথের মাঝে--
আবার কখন পড়বে আড়াল, দেখাশোনার বাঁধন রবে না যে।
তখন আমি পাব মনে মনে পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে,
জানব চিরদিনের পথে আঁধার আলোয় চলছি সারে সারে--
হৃদয়-মাঝে দেখব খুঁজে একটি মিলন সব-হারানোর পারে
অজানা এই পথের অন্ধকারে॥
sabār sāthe chalatechhil ajānā ei pather andhakāre,
kon sakāler haṭhāt āloẏ pāśhe āmār dekhte pelem tāre||
ek nimeṣhei rātri hal bhor, chiradiner dhan yen se mor,
parichaẏer ant yen konokhāne nāiko ekebāre--
chenā kusum phuṭe āchhe nā-chenā ei gahan baner dhāre
ajānā ei pather andhakāre||
jāni jāni diner śheṣhe sandhyātimir nāmbe pather mājhe--
ābār kakhan par̤be ār̤āl, dekhāśhonār bām̐dhan rabe nā ye|
takhan āmi pāb mane mane parichaẏer paraśh kṣhaṇe kṣhaṇe,
jānab chiradiner pathe ām̐dhār āloẏ chalchhi sāre sāre--
hṛdaẏ-mājhe dekhab khum̐je ekṭi milan sab-hārānor pāre
ajānā ei pather andhakāre||