প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি
'এসেছে কি-- এসেছে কি।'
আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, 'শুনাও দেখি
আসে নি কি-- আসে নি কি।'
আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে
কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,
'সে কি আসে-- সে কি আসে।'
প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে
কী আশ্বাসে,
'হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।'
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো--
'সে কি এল-- সে কি এল।'
prāṅgaṇe mor śhirīṣhaśhākhāẏ phāgun māse
kī uchchhbāse
klāntibihīn phul phoṭānor khelā|
kṣhāntakūjan śhāntabijan sandhyābelā
pratyah sei phull śhirīṣh praśhn śhudhāẏ āmāẏ dekhi
'esechhe ki-- esechhe ki|'
ār bachharei emni dinei phāgun māse
kī uchchhbāse
nācher mātan lāgal śhirīṣh-ḍāle
sbargapurer kon nūpurer tāle|
pratyah sei chañchal prāṇ śhudhiẏechhil, 'śhunāo dekhi
āse ni ki-- āse ni ki|'
ābār kakhan emni dinei phāgun māse
kī āśhbāse
ḍālguli tār ra̮ibe śhrabaṇ pete
alakh janer charaṇ-śhabde mete|
pratyah tār marmarasbar balbe āmāẏ kī biśhbāse,
'se ki āse-- se ki āse|'
praśhn jānāi puṣhpabibhor phāgun māse
kī āśhbāse,
'hāẏ go, āmār bhāgy-rāter tārā,
nimeṣh-gaṇan haẏ ni ki mor sārā|'
pratyah baẏ prāṅgaṇamaẏ baner bātās elomelo--
'se ki el-- se ki el|'