এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে
সে পথে তোর যেতেই হবে।।
অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝড়ের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে।
পাকের ঘোরে ঘোরায় যদি
ছুটি তোরে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে
দ’লে তোমায় যেতেই হবে।
সুখের আশা আঁকড়ে লয়ে
মরিস নে তুই ভয়ে ভয়ে
জীবনকে তোর ভ’রে নিতে
মরণ-আঘাত খেতেই হবে।।
ei kathāṭā dhare rākhis
mukti tore petei habe|
ye path gechhe pārer pāne
se pathe tor yetei habe||
abhaẏ mane kaṇṭh chhār̤i
gān geẏe tui dibi pār̤i
khuśhi haẏe jhar̤er hāoẏāẏ
ḍheu ye tore khetei habe|
pāker ghore ghorāẏ yadi
chhuṭi tore petei habe|
chalār pathe kām̐ṭā thāke
da’le tomāẏ yetei habe|
sukher āśhā ām̐kr̤e laẏe
maris ne tui bhaẏe bhaẏe
jībanke tor bha’re nite
maraṇ-āghāt khetei habe||