ওগো, তোমরা সবাই ভালো--
যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো--
আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো ॥
কেউ বা অতি জ্বলো-জ্বলো, কেউ বা ম্লান' ছলো-ছলো,
কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো ॥
নূতন প্রেমে নূতন বধূ আগাগোড়া কেবল মধু,
পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো।
বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে,
রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো ॥
আমরা তৃষ্ঞা, তোমরা সুধা-- তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা--
তোমার কথা বলতে কবির কথা ফুরালো।
যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে--
কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো ॥
ogo, tomrā sabāi bhālo--
yār adṛṣhṭe yemni juṭechhe, sei āmāder bhālo--
āmāder ei ām̐dhār ghare sandhyāpradīp jbālo ||
keu bā ti jbalo-jbalo, keu bā mlān' chhalo-chhalo,
keu bā kichhu dahan kare, keu bā snigdh ālo ||
nūtan preme nūtan badhū āgāgor̤ā kebal madhu,
purātne aml-madhur ekṭuku jhām̐jhālo|
bāky yakhan bidāẏ kare chakṣhu ese pāẏe dhare,
rāger saṅge anurāge samān bhāge ḍhālo ||
āmrā tṛṣhñā, tomrā sudhā-- tomrā tṛpti, āmrā kṣhudhā--
tomār kathā balte kabir kathā phurālo|
ye mūrti naẏane jāge saba̮i āmār bhālo lāge--
keu bā dibyi gaurabran, keu bā dibyi kālo ||