ওগো শেফালিবনের মনের কামনা,
কেন সুদূর গগনে গগনে
আছ মিলায়ে পবনে পবনে।
কেন কিরণে কিরণে ঝলিয়া
যাও শিশিরে শিশিরে গলিয়া।
কেন চপল আলোতে ছায়াতে
আছ লুকায়ে আপন মায়াতে।
তুমি মুরতি ধরিয়া চকিতে নামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা ॥
আজি মাঠে মাঠে চলো বিহরি,
তৃণ উঠুক শিহরি শিহরি।
নামো তালপল্লববীজনে,
নামো জলে ছায়াছবিসৃজনে।
এসো সৌরভ ভরি আঁচলে,
আঁখি আঁকিয়া সুনীল কাজলে।
মম চোখের সমুখে ক্ষণেক থামো-না,
ওগো শেফালিবনের মনের কামনা ॥
ওগো সোনার স্বপন, সাধের সাধনা,
কত আকুল হাসি ও রোদনে,
রাতে দিবসে স্বপনে বোধনে,
জ্বালি জোনাকি প্রদীপমালিকা,
ভরি নিশীথতিমিরথালিকা,
প্রাতে কুসুমের সাজি সাজায়ে,
সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,
কত করেছে তোমার স্তুতি-আরাধনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা ॥
ওই বসেছ শুভ্র আসনে
আজি নিখিলের সম্ভাষণে।
আহা শ্বেতচন্দনতিলকে
আজি তোমারে সাজায়ে দিল কে।
আহা বরিল তোমারে কে আজি
তার দুঃখশয়ন তেয়াজি--
তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা,
ওগো সোনার স্বপন, সাধের সাধনা ॥
ogo śhephālibner maner kāmnā,
ken sudūr gagne gagne
āchh milāẏe pabne pabne|
ken kirṇe kirṇe jhaliẏā
yāo śhiśhire śhiśhire galiẏā|
ken chapal ālote chhāẏāte
āchh lukāẏe āpan māẏāte|
tumi murti dhariẏā chakite nāmo-nā,
ogo śhephālibner maner kāmnā ||
āji māṭhe māṭhe chalo bihri,
tṛṇ uṭhuk śhihri śhihri|
nāmo tālapallababījne,
nāmo jale chhāẏāchhabisṛjne|
eso saurabh bhari ām̐chle,
ām̐khi ām̐kiẏā sunīl kājle|
mam chokher samukhe kṣhaṇek thāmo-nā,
ogo śhephālibner maner kāmnā ||
ogo sonār sbapan, sādher sādhnā,
kat ākul hāsi o rodne,
rāte dibse sbapne bodhne,
jbāli jonāki pradīpamālikā,
bhari niśhīthatimirathālikā,
prāte kusumer sāji sājāẏe,
sām̐je jhilli-jhām̐jhar bājāẏe,
kat karechhe tomār stuti-ārādhnā,
ogo sonār sbapan, sādher sādhnā ||
oi basechh śhubhr āsne
āji nikhiler sambhāṣhṇe|
āhā śhbetachandanatilke
āji tomāre sājāẏe dil ke|
āhā baril tomāre ke āji
tār duḥkhaśhaẏan teẏāji--
tumi ghuchāle kāhār birahkām̐danā,
ogo sonār sbapan, sādher sādhnā ||