আমিতো তোমারে চাহিনি জীবনে
তুমি অভাগারে চেয়েছ ;
আমি না ডাকিতে, হৃদয় মাঝারে
নিজে এসে দেখা দিয়েছ!
চির আদরের বিনিময়ে সখা !
চির অবহেলা পেয়েছ ;
(আমি) দূরে ছুটে যেতে দু’হাত পসারি’,
ধ’রে টেনে কোলে নিয়েছ!
“ও পথে যেও না ফিরে এস”, ব’লে
কানে কানে কত ক’য়েছ ;
(আমি) তবু চ’লে গেছি ; ফিরায়ে আনিতে
পাছে পাছে ছুটে গিয়েছ।
(এই) চির-অপরাধী পাতকীর বোঝা
হাসি-মুখে তুমি ব’য়েছ ;
(আমার) নিজ হাতে গড়া বিপদের মাঝে,
বুকে করে নিয়ে রয়েছ!
॥ মিশ্র কানাড়া, একতাল ॥
āmito tomāre chāhini jībne
tumi abhāgāre cheẏechh ;
āmi nā ḍākite, hṛdaẏ mājhāre
nije ese dekhā diẏechh!
chir ādrer binimaẏe sakhā !
chir abhelā peẏechh ;
(āmi) dūre chhuṭe yete du’hāt pasāri’,
dha’re ṭene kole niẏechh!
“o pathe yeo nā phire es”, ba’le
kāne kāne kat ka’ẏechh ;
(āmi) tabu cha’le gechhi ; phirāẏe ānite
pāchhe pāchhe chhuṭe giẏechh|
(ei) chir-aprādhī pātkīr bojhā
hāsi-mukhe tumi ba’ẏechh ;
(āmār) nij hāte gar̤ā bipder mājhe,
buke kare niẏe raẏechh!
|| miśhr kānār̤ā, ektāl ||