নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার--
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর--
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥
naẏan tomāre pāẏ nā dekhite, raẏechh naẏane naẏane|
hṛdaẏ tomāre pāẏ nā jānite, hṛdaẏe raẏechh gopne ||
bāsnār baśhe man abirat dhāẏ daśh diśhe pāgler mato,
sthir-ām̐khi tumi marme satat jāgichh śhaẏane sbapne ||
sabāi chher̤echhe, nāi yār keh, tumi āchh tār āchhe tab sneh--
nirāśhraẏ jan, path yār geh, seo āchhe tab bhabne|
tumi chhār̤ā keh sāthi nāi ār,samukhe anant jībanabistār--
kālapārābār karitechh pār keh nāhi jāne kemne ||
jāni śhudhu tumi āchh tāi āchhi, tumi prāṇamaẏ tāi āmi bām̐chi,
yat pāi tomāẏ āro tat yāchi, yat jāni tat jāni ne|
jāni āmi tomāẏ pāb nirantar lokalokāntare yugayugāntar--
tumi ār āmi mājhe keh nāi, kono bādhā nāi bhubne ||