নারীর ললিত লোভন লীলায়
এখনি কেন এ ক্লান্তি।
এখনি কি সখা, খেলা হল অবসান।
যে মধুর রসে ছিলে বিহ্বল
সে কি মধুমাখা ভ্রান্তি,
সে কি স্বপ্নের দান,
সে কি সত্যের অপমান।
দূর দুরাশায় হৃদয় ভরিছ,
কঠিন প্রেমের প্রতিমা গড়িছ,
কী মনে ভাবিয়া নারীতে করিছ
পৌরুষসন্ধান।
এও কি মায়ার দান।
সহসা মন্ত্রবলে
নমনীয় এই কমনীয়তারে
যদি আমাদের সখী একেবারে
পরের বসন-সমান ছিন্ন
করি ফেলে ধূলিতলে,
সবে না সবে না সে নৈরাশ্য--
ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি সখা, ক্ষুব্ধ করিবে
লুব্ধ পুরুষপ্রাণ,
হানিবে নিঠুর বাণ॥
nārīr lalit lobhan līlāẏ
ekhni ken e klānti|
ekhni ki sakhā, khelā hal absān|
ye madhur rase chhile bihbal
se ki madhumākhā bhrānti,
se ki sbapner dān,
se ki satyer apmān|
dūr durāśhāẏ hṛdaẏ bharichh,
kaṭhin premer pratimā gar̤ichh,
kī mane bhābiẏā nārīte karichh
pauruṣhasandhān|
eo ki māẏār dān|
sahsā mantrable
namanīẏ ei kamanīẏatāre
yadi āmāder sakhī ekebāre
parer basan-samān chhinn
kari phele dhūlitle,
sabe nā sabe nā se nairāśhy--
bhāgyer sei aṭṭahāsy
jāni jāni sakhā, kṣhubdh karibe
lubdh puruṣhaprāṇ,
hānibe niṭhur bāṇ||