মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
একেলা রয়েছ নীরব শয়ন-'পরে--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি
আর কতকাল এমনে কাটিবে স্বামী--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,
আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো।
জীবনে আমার সঙ্গীত দাও আনি,
নীরব রেখো না তোমার বীণার বাণী--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
মিলাব নয়ন তব নয়নের সাথে,
মিলাব এ হাত তব দক্ষিণহাতে--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো।
হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,
তিমির কাঁপিবে গভীর আলোর রবে--
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
mor hṛdaẏer gopan bijan ghare
ekelā raẏechh nīrab śhaẏan-'pare--
priẏatam he, jāgo jāgo jāgo ||
ruddh dbārer bāhire dām̐r̤āẏe āmi
ār katkāl emne kāṭibe sbāmī--
priẏatam he, jāgo jāgo jāgo ||
rajnīr tārā uṭhechhe gagan chheẏe,
āchhe sabe mor bātāẏan pāne cheẏe--
priẏatam he, jāgo jāgo jāgo|
jībne āmār saṅgīt dāo āni,
nīrab rekho nā tomār bīṇār bāṇī--
priẏatam he, jāgo jāgo jāgo ||
milāb naẏan tab naẏaner sāthe,
milāb e hāt tab dakṣhiṇhāte--
priẏatam he, jāgo jāgo jāgo|
hṛdaẏapātr sudhāẏ pūrṇ habe,
timir kām̐pibe gabhīr ālor rabe--
priẏatam he, jāgo jāgo jāgo ||