কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস--
সাধক ওগো, প্রেমিক ওগো,
পাগল ওগো, ধরায় আস।
এই অকুল সংসারে
দুঃখ-আঘাত তোমার প্রাণে বীণা ঝংকারে।
ঘোর বিপদ-মাঝে
কোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাস॥
তুমি কাহার সন্ধানে
সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে।
এমন ব্যাকুল করে
কে তোমারে কাঁদায় যারে ভালোবাস।
তোমার ভাবনা কিছু নাই--
কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।
তুমি মরণ ভুলে
কোন্ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥
kon ālote prāṇer pradīp jbāliẏe tumi dharāẏ ās--
sādhak ogo, premik ogo,
pāgal ogo, dharāẏ ās|
ei akul saṁsāre
duḥkh-āghāt tomār prāṇe bīṇā jhaṁkāre|
ghor bipad-mājhe
kon jannīr mukher hāsi dekhiẏā hās||
tumi kāhār sandhāne
sakal sukhe āgun jbele ber̤āo ke jāne|
eman byākul kare
ke tomāre kām̐dāẏ yāre bhālobās|
tomār bhābnā kichhu nāi--
ke ye tomār sāther sāthi bhābi mane tāi|
tumi maraṇ bhule
kon anant prāṇasāgre ānande bhās||