কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে।
এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে॥
রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে,
আমার ছুটি অবেলাতেই দিনদুপুরে মধ্যখানে--
কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে॥
মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া।
মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া।
মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে,
অলস-বেলায় খেলার সাথি এবার আমার হৃদয় টানে--
বিনা-কাজের ডাক পড়েছে
কেন যে তাই কেই বা জানে॥
kolāhal to bāraṇ hal, ebār kathā kāne kāne|
ekhan habe prāṇer ālāp kebalamātr gāne gāne||
rājār pathe lok chhuṭechhe, bechākenār hām̐k uṭhechhe,
āmār chhuṭi abelātei dinadupure madhyakhāne--
kājer mājhe ḍāk par̤echhe ken ye tāi kei bā jāne||
mor kānne akāle phul uṭhuk tabe muñjariẏā|
madhyadine maumāchhirā ber̤āk mṛdu guñjariẏā|
mand-bhālor dbandbe kheṭe gechhe to din anek keṭe,
alas-belāẏ khelār sāthi ebār āmār hṛdaẏ ṭāne--
binā-kājer ḍāk par̤echhe
ken ye tāi kei bā jāne||