কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি॥
প্রভাতকিরণে সকালবেলাতে
মন লয়ে, সখী, গেছিনু খেলাতে--
মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে,
মনোফুল দলি চলি বেড়াইতে--
সহসা, সজনী, চেতনা পেয়ে
সহসা, সজনী, দেখিনু চেয়ে
রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি॥
যদি কেহ, সখী, দলিয়া যায়,
তার 'পর দিয়া চলিয়া যায়--
শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে--
যদি কেহ, সখী, দলিয়া যায়।
আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর,
আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর।
চিরদিন, সখী, হাসিত খেলিত,
জোছনা-আলোকে নয়ন মেলিত--
সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি॥
kī hal āmār! bujhi bā sakhī, hṛdaẏ āmār hāriẏechhi|
pather mājhete khelāte giẏe hṛdaẏ āmār hāriẏechhi||
prabhātakirṇe sakālabelāte
man laẏe, sakhī, gechhinu khelāte--
man kur̤āite, man chhar̤āite, maner mājhāre kheli ber̤āite,
manophul dali chali ber̤āite--
sahsā, sajnī, chetnā peẏe
sahsā, sajnī, dekhinu cheẏe
rāśhi rāśhi bhāṅā hṛdaẏ-mājhe hṛdaẏ āmār hāriẏechhi||
yadi keh, sakhī, daliẏā yāẏ,
tār 'par diẏā chaliẏā yāẏ--
śhukāẏe par̤ibe, chhim̐r̤iẏā par̤ibe, dalguli tār jhariẏā par̤ibe--
yadi keh, sakhī, daliẏā yāẏ|
āmār kusumakomal hṛdaẏ kakhno sahe ni rabir kar,
āmār maner kāminīpāpr̤i sahe ni bhramaracharaṇbhar|
chirdin, sakhī, hāsit khelit,
jochhnā-āloke naẏan melit--
sahsā āj se hṛdaẏ āmār kothāẏ, sajnī, hāriẏechhi||