ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ কিছু তার আলুথালু
আপনা-'পরে অনাদরে ধুলায় মলিনী॥
হুটোপাটি ঝগড়াঝাঁটি ছিল নিষ্কারণেই।
দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।
পাগলামি তার কানায় কানায় খেয়াল দিয়ে খেলা বানায়,
উচ্চহাসে কলভাষে কল'কলিনী॥
দেখা হলে যখন-তখন বিনা অপরাধে
মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে।
শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধুলায় লুটি
কাজল আঁখি চোখের জলে ছল'ছলিনী॥
আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি,
কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি।
ডাকলে তারে 'পুঁট্লি' ব'লে সাড়া দিত মর্জি হলে,
ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী॥
jhām̐kr̤ā chuler meẏer kathā kāuke bali ni,
kon deśhe ye chale gechhe se chañchalinī|
saṅgī chhil kukur kālu, beśh kichhu tār āluthālu
āpnā-'pare anādre dhulāẏ malinī||
huṭopāṭi jhagr̤ājhām̐ṭi chhil niṣhkāraṇei|
dighir jale gāchher ḍāle gati kṣhaṇe-kṣhaṇei|
pāglāmi tār kānāẏ kānāẏ kheẏāl diẏe khelā bānāẏ,
uchchahāse kalbhāṣhe kal'kalinī||
dekhā hale yakhan-takhan binā aprādhe
mukhabhaṅgī karat āmāẏ apamāner chhām̐de|
śhāsan karte yeman chhuṭi haṭhāt dekhi dhulāẏ luṭi
kājal ām̐khi chokher jale chhal'chhalinī||
āmār saṅge pañchāśh bār janmaśhodher ār̤i,
kathāẏ kathāẏ nityakāler matan chhār̤āchhār̤i|
ḍākle tāre 'pum̐ṭli' ba'le sār̤ā dit marji hale,
jhagr̤ā-diner nām chhil tār sbarṇanlinī||