জগতের পুরোহিত তুমি– তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে ।
ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে উষায় ।
মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে চায় ।
পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়–
তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয় ।
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে ।
জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল,
প্রেমের বাতাস বহিতেছে– ছুটিতেছে প্রেমপরিমল ।
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়–
মহেশের প্রেমের জগতে প্রেমের হইল আজি জয় ।।
jagter purohit tumi– tomār e jagat-mājhāre
ek chāẏ ekere pāite, dui chāẏ ek ha̮ibāre |
phule phule kare kolākuli, galāgli aruṇe uṣhāẏ |
megh dekhe megh chhuṭe āse, tārāṭi tārār pāne chāẏ |
pūrṇ hal tomār niẏam, prabhu he, tomāri hal jaẏ–
tomār kṛpāẏ ek hal āji ei yugalahṛdaẏ |
ye hāte diẏechh tumi bem̐dhe śhaśhadhre dharār praṇaẏe
sei hāte bām̐dhiẏāchh tumi ei duṭi hṛdaẏe hṛdaẏe |
jagat gāhichhe jaẏ-jaẏ, uṭhechhe haraṣhakolāhal,
premer bātās bahitechhe– chhuṭitechhe premaparimal |
pākhirā gāo go gān, kaho bāẏu charācharamaẏ–
maheśher premer jagte premer ha̮il āji jaẏ ||