আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি।
আজ শুনতে পাব প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি॥
এই হল মোদের পাওয়া, তাই ধরেছি গান-গাওয়া,
আজ লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে সোনার রেণু লুটেছি॥
আজ পারুলদিদির বনে মোরা চলব নিমন্ত্রণে,
চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে মোরা সবাই জুটেছি।
আজ মনের মধ্যে ছেয়ে সুনীল আকাশ ওঠে গেয়ে,
আজ সকালবেলায় ছেলেখেলার ছলে সকল শিকল টুটেছি॥
āj pratham phuler pāb prasādkhāni, tāi bhore uṭhechhi|
āj śhunte pāb pratham ālor bāṇī, tāi bāire chhuṭechhi||
ei hal moder pāoẏā, tāi dharechhi gān-gāoẏā,
āj luṭiẏe hiraṇ-kiraṇ-padmadle sonār reṇu luṭechhi||
āj pāruladidir bane morā chalab nimantraṇe,
chām̐pā-bhāẏer śhākhā-chhāẏer tale morā sabāi juṭechhi|
āj maner madhye chheẏe sunīl ākāśh oṭhe geẏe,
āj sakālabelāẏ chhelekhelār chhale sakal śhikal ṭuṭechhi||