আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার॥
আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে
পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্রে ওঠে--
আমরা কেবল ভয়ে মরি ধূর্জটিদাদার॥
মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে
সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধায়॥
অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলোর লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার॥
āmrā nā-gān-gāoẏār dal re, āmrā nā-galā-sādhār|
moder bhaim̐rorāge prabhātarbi rāge mukh-ām̐dhār||
āmāder ei amil-kaṇṭh-samabāẏer choṭe
pār̤ār kukur samasbare, o bhāi, bhaẏe phukre oṭhe--
āmrā kebal bhaẏe mari dhūrjaṭidādār||
meghamallār dhari yadi ghaṭe anābṛṣhṭi,
chhātioẏālār dokān jur̤e lāge śhanir dṛṣhṭi|
ādhkhānā sur yemni lāgāi basantabāhāre
malaẏabāẏur dhāt phire yāẏ, tatkṣhaṇāt āhā re
sei hāoẏāte bichchhedtāp pālāẏ śhrīrādhāẏ||
amābasyār rātre yemni behāg gāite basā
kokilagulor lāge daśham-daśhā|
śhuklakojāgrī niśhāẏ jaẏajaẏantī dhari,
amni mari mari
rāhu-lāgār bedan lāge pūrṇimā-chām̐dār||