এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়--
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়॥
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার--
জগতে কেহ যেন নাহি আর॥
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব--
আঁধারে মিশে গেছে আর সব॥
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার॥
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়--
এমন ঘনঘোর বরিষায়॥
eman dine tāre balā yāẏ
eman ghanghor bariṣhāẏ|
eman dine man kholā yāẏ--
eman meghasbare bādal-jharojhre
tapanhīn ghan tamasāẏ||
se kathā śhunibe nā keh ār,
nibhṛt nirjan chāri dhār|
dujne mukhomukhi gabhīr dukhe dukhi,
ākāśhe jal jhare anibār--
jagte keh yen nāhi ār||
samāj saṁsār michhe sab,
michhe e jībner kalrab|
kebal ām̐khi diẏe ām̐khir sudhā piẏe
hṛdaẏ diẏe hṛdi anubhab--
ām̐dhāre miśhe gechhe ār sab||
tāhāte e jagte kṣhati kār
nāmāte pāri yadi manobhār|
śhrābaṇabariṣhne ekdā gṛhkoṇe
du kathā bali yadi kāchhe tār
tāhāte āse yābe kibā kār||
byākul bege āji bahe yāẏ,
bijuli theke theke chamakāẏ|
ye kathā e jībne rahiẏā gel mane
se kathā āji yen balā yāẏ--
eman ghanghor bariṣhāẏ||