এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো।
ei karechh bhālo, niṭhur,
ei karechh bhālo|
emni kare hṛdaẏe mor
tībr dahan jbālo|
āmār e dhūp nā por̤āle
gandh kichhui nāhi ḍhāle,
āmār e dīp nā jbālāle
deẏ nā kichhui ālo|
yakhan thāke achetne
e chitt āmār
āghāt se ye paraśh tab
sei to puraskār|
andhakāre mohe lāje
chokhe tomāẏ dekhi nā ye,
bajre tolo āgun kare
āmār yat kālo|