এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,
ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়--
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়॥
আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে--
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে॥
দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়--
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দূরের ক্ষুধা--
এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ॥
লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই--
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি-- মিথ্যে আমায় ডাকাডাকি--
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো--
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ॥
ei to bhālo legechhil ālor nāchan pātāẏ pātāẏ|
śhāler bane khyāpā hāoẏā, ei to āmār manke mātāẏ|
rāṅā māṭir rāstā beẏe hāṭer pathik chale dheẏe,
chhoṭo meẏe dhulāẏ base khelār ḍāli eklā sājāẏ--
sāmne cheẏe ei yā dekhi chokhe āmār bīṇā bājāẏ||
āmār e ye bām̐śher bām̐śhi, māṭher sure āmār sādhan|
āmār manke bem̐dhechhe re ei dharṇīr māṭir bām̐dhan|
nīl ākāśher ālor dhārā pān karechhe natun yārā
sei chheleder chokher chāoẏā niẏechhi mor du chokh pure--
āmār bīṇāẏ sur bem̐dhechhi oder kachi galār sure||
dūre yābār kheẏāl hale sabāi more ghire thāmāẏ--
gām̐ẏer ākāśh sajne phuler hātachhānite ḍāke āmāẏ|
phurāẏ ni, bhāi, kāchher sudhā, nāi ye re tāi dūrer kṣhudhā--
ei-ye e-sab chhoṭokhāṭo pāi ni eder kūlakinārā|
tuchchh diner gāner pālā ājao āmār haẏ ni sārā ||
lāgal bhālo, man bholālo, ei kathāṭāi geẏe ber̤āi--
dine rāte samaẏ kothā, kājer kathā tāi to er̤āi|
majechhe man, majal ām̐khi-- mithye āmāẏ ḍākāḍāki--
oder āchhe anek āśhā, orā karuk anek jar̤o--
āmi kebal geẏe ber̤āi, chāi ne hate āro bar̤o ||