E ki aproop roope maa tomaay

এ কি অপরূপ রূপে মা তোমায়
Language

এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি॥
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি॥
কেতকী-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী॥
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনি॥
শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী॥

e ki aprūp rūpe mā tomāẏ herinu pallī-jannī|
phule o phasle kādā māṭi jale jhalmal kare lābni||
raudratapt baiśhākhe tumi chātker sāthe chāh jal,
ām kām̐ṭhāler madhur gandhe jyaiṣhṭhe mātāo tarutal|
jhañjhār sāthe prāntare māṭhe kabhu khel la’ẏe aśhni||
ketkī-kadam-yūthikā kusume barṣhāẏ gām̐th mālikā,
pathe abiral chhiṭāiẏā jal khel chañchalā bālikā|
tar̤āge pukure tha̮i tha̮i kare śhyāmal śhobhār nabnī||
śhāplā śhāluk sājāiẏā sāji śharte śhiśhir nāhiẏā,
śhiuli-chhopāno śhār̤i pare pher āgāmnī-gīt gāhiẏā|
aghrāṇe mā go āman dhāner sughrāṇe bhare abni||
śhīter śhūny māṭhe tumi pher udāsī bāul sāthe mā,
bhāṭiẏāli gāo mājhider sāthe go, kīrtan śhono rāte mā|
phālgune rāṅā phuler ābire rāṅāo nikhil dharṇī||