এ ভালোবাসার যদি দিতে প্রতিদান--
একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
যখন দুখের জল বর্ষিত নয়ান--
শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী,
ওই মধুময় কোলে দিতে যদি স্থান--
তা হলে, তা হলে, সখী, চিরজীবনের তরে
দারুণযাতনাময় হ'ত না পরান।
একটি কথায় তব একটু স্নেহের স্বরে
যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা,
তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে--
নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা!
একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে--
মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল--
তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ো গো মোরে,
আমার হৃদয় মন বড়োই দুর্বল।
সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে--
আমি কোথা রব আর তুমি কোথা রবে।
কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত,
আছিল নূতন যাহা পুরাতন হবে।
তখন সহসা যদি দেখা হয় দুইজনে--
আসি যদি কহিবারে মরমের ব্যথা--
তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে।
তখন কি ভালো করে কবে নাকো কথা।
e bhālobāsār yadi dite pratidān--
ekbār mukh tule chāhiẏā dekhite yadi
yakhan dukher jal barṣhit naẏān--
śhrānt klānt haẏe yabe chhuṭe āsitām, sakhī,
oi madhumaẏ kole dite yadi sthān--
tā hale, tā hale, sakhī, chirajībner tare
dāruṇayātanāmaẏ ha'ta nā parān|
ekṭi kathāẏ tab ekṭu sneher sbare
yadi yāẏ jur̤āiẏā hṛdaẏer jbālā,
tabe seiṭuku, sakhī, koro abhāgār tare--
nahile hṛdaẏ yābe bheṅechure bālā!
ekbār mukh tule cheẏo e mukher pāne--
muchhāẏe diẏo go, sakhī, naẏaner jal--
tomār sneher chhāẏe āśhraẏ diẏo go more,
āmār hṛdaẏ man bar̤oi durbal|
saṁsārer srote bhese kat dūr yāb chale--
āmi kothā rab ār tumi kothā rabe|
kat barṣh habe gat, kat sūry habe ast,
āchhil nūtan yāhā purātan habe|
takhan sahsā yadi dekhā haẏ duijne--
āsi yadi kahibāre marmer byathā--
takhan saṅkochabhre dūre ki yāibe sare|
takhan ki bhālo kare kabe nāko kathā|