ভাঙা দেউলের দেবতা,
তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা ।
সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা ।
তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা ।।
তব জনহীন ভবনে
থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে ।
যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,
সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ।।
পূজাহীন তব পূজারি
কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি ।
গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি
ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ।
ভাঙা দেউলের দেবতা,
কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা ।
কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা—
শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ।।
bhāṅā deuler debtā,
tab bandanā rachite, chhinnā bīṇār tantrī birtā |
sandhyāgagne ghoṣhe nā śhaṅkh tomār āratibārtā |
tab mandir sthiragambhīr, bhāṅā deuler debtā ||
tab janhīn bhabne
theke theke āse byākul gandh nababasantapabne |
ye phule rache ni pūjār arghy, rākhe ni o rāṅā charṇe,
se phul phoṭār āse samāchār janhīn bhāṅā bhabne ||
pūjāhīn tab pūjāri
kothā sārā din phire udāsīn kār prasāder bhikhāri |
godhūlibelāẏ baner chhāẏāẏ chir-upbās-bhukhāri
bhāṅā mandire āse phire phire pūjāhīn tab pūjāri |
bhāṅā deuler debtā,
kat utsab ha̮il nīrab, kat pūjāniśhā bigtā |
kat bijaẏāẏ nabīn pratimā kat yāẏ kat kab tā—
śhudhu chirdin thāke sebāhīn bhāṅā deuler debtā ||