বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি
সকল হৃদয় লুটায়ে তোমারে করিতে প্রণতি ॥
সরল সুপথে ভ্রমিতে, সব অপকার ক্ষমিতে,
সকল গর্ব দমিতে খর্ব করিতে কুমতি ॥
হৃদয়ে তোমারে বুঝিতে, জীবনে তোমারে পূজিতে,
তোমার মাঝারে খুঁজিতে চিত্তের চিরবসতি।
তব কাজ শিরে বহিতে, সংসারতাপ সহিতে,
ভবকোলাহলে রহিতে, নীরবে করিতে ভকতি ॥
তোমার বিশ্বছবিতে তব প্রেমরূপ লভিতে,
গ্রহ-তারা-শশী-রবিতে হেরিতে তোমার আরতি।
বচনমনের অতীতে ডুবিতে তোমার জ্যোতিতে,
সুখে দুখে লাভে ক্ষতিতে শুনিতে তোমার ভারতী ॥
bal dāo more bal dāo, prāṇe dāo mor śhakti
sakal hṛdaẏ luṭāẏe tomāre karite praṇti ||
saral supthe bhramite, sab apkār kṣhamite,
sakal garb damite kharb karite kumti ||
hṛdaẏe tomāre bujhite, jībne tomāre pūjite,
tomār mājhāre khum̐jite chitter chirabasti|
tab kāj śhire bahite, saṁsārtāp sahite,
bhabakolāhle rahite, nīrbe karite bhakti ||
tomār biśhbachhbite tab premrūp labhite,
grah-tārā-śhaśhī-rabite herite tomār ārti|
bachanamner atīte ḍubite tomār jyotite,
sukhe dukhe lābhe kṣhatite śhunite tomār bhārtī ||