Baasakaaby

বাসকাব্য
Year
Language

ছেলেটার নাম আকাশ-টাকাশ হবে
আর মেয়েটার বর্ষা-টর্ষা কিছু,
সেই ছেলেটার দৃষ্টি অপলকে
বাধ্য হয়েই মেয়ের মাথা নিচু!
তারপরেও হঠাৎ ফাঁকে-ফাঁকে
আড়চোখে সে তাকাচ্ছিল বটে,
চোখে-চোখে হয়নি যে- তা, না তো!
বাসস্টপে তা অহরহই ঘটে!
ইতিহাসের পাতাতে তাই – ‘ওরা’
স্থান পাবে না বিপ্লবীদের মতো!
ঠিক তখনি বাস দাঁড়ালো দু’টো
পাশাপাশি সিটও খালি কত!
আহা! অমন সিট যদি পায় তারা?
তেমন ভেবেই মে’ উঠে যায় বাসে
আজ সে যাবে উত্তরাতে, ঘরে
ওদিক ছেলে ভার্সিটিতে, ক্লাসে!
হায়! ছেলে তাই ভিন্ন বাসে ওঠে
তার পাশেরও সিটটা থাকে ফাঁকা,
বাস চলতেই মে’টা ঘুরে তাকায়
তার দু’চোখে “থামতে বলো” আঁকা!
কেউ থামেনি! কে থামাবে কাকে?
সবারই যে ভীষণ রকম তাড়া!
তাই ইতিহাস লিখলো না নাম দুটো
তাড়ার কাছে হার মেনেছে যারা!
তবু আজও “মন খারাপ”-এর মানে
সবার কাছে – “বৃষ্টি” হয়েই র’বে…
ছেলেটার নাম আকাশ-টাকাশ ছিল
আর মেয়েটার বর্ষা-টর্ষা হবে!

chheleṭār nām ākāśh-ṭākāśh habe
ār meẏeṭār barṣhā-ṭarṣhā kichhu,
sei chheleṭār dṛṣhṭi apalke
bādhy haẏei meẏer māthā nichu!
tārapareo haṭhāt phām̐ke-phām̐ke
ār̤chokhe se tākāchchhil baṭe,
chokhe-chokhe haẏani ye- tā, nā to!
bāsasṭape tā aharaha̮i ghaṭe!
itihāser pātāte tāi – ‘orā’
sthān pābe nā biplabīder mato!
ṭhik takhni bās dām̐r̤ālo du’ṭo
pāśhāpāśhi siṭao khāli kat!
āhā! aman siṭ yadi pāẏ tārā?
teman bhebei me’ uṭhe yāẏ bāse
āj se yābe uttarāte, ghare
odik chhele bhārsiṭite, klāse!
hāẏ! chhele tāi bhinn bāse oṭhe
tār pāśherao siṭṭā thāke phām̐kā,
bās chalatei me’ṭā ghure tākāẏ
tār du’chokhe “thāmte balo” ām̐kā!
keu thāmeni! ke thāmābe kāke?
sabāra̮i ye bhīṣhaṇ rakam tār̤ā!
tāi itihās likhlo nā nām duṭo
tār̤ār kāchhe hār menechhe yārā!
tabu ājao “man khārāp”-er māne
sabār kāchhe – “bṛṣhṭi” haẏei ra’be…
chheleṭār nām ākāśh-ṭākāśh chhil
ār meẏeṭār barṣhā-ṭarṣhā habe!