অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥
দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী--
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে ॥
আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে--
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি রইবে না ওই রথে, তুমি নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥
asīm dhan to āchhe tomār, tāhe sādh nā meṭe|
nite chāo tā āmār hāte kaṇāẏ kaṇāẏ bem̐ṭe ||
diẏe tomār ratanamṇi āmāẏ karle dhanī--
ekhan dbāre ese ḍāko, raẏechhi dbār em̐ṭe ||
āmāẏ tumi karbe dātā, āpni bhikṣhu habe--
biśhbabhuban mātal ye tāi hāsir kalarbe|
tumi ra̮ibe nā oi rathe, tumi nāmbe dhulāpthe
yug-yugānt āmār sāthe chalbe hem̐ṭe hem̐ṭe ||