অজানা খনির নূতন মণির গেঁথেছি হার,
ক্লান্তিবিহীনা নবীনা বীণায় বেঁধেছি তার॥
যেমন নূতন বনের দুকূল, যেমন নূতন আমের মুকুল,
মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার,
তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের
রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার॥
যে বাণী আমার কখনো কারেও হয় নি বলা
তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা।
আজি অকারণ বাতাসে বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে,
মর্মরস্বরে বনের ঘুচিল মনের ভার।
যেমনি ভাঙিল বাণীর বন্ধ উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ,
সুরের সাহসে আপনি চকিত বীণার তার।
ajānā khanir nūtan maṇir gem̐thechhi hār,
klāntibihīnā nabīnā bīṇāẏ bem̐dhechhi tār||
yeman nūtan baner dukūl, yeman nūtan āmer mukul,
māgher aruṇe khole sbarger nūtan dbār,
temni āmār nabīn rāger nab yaubne nab sohāger
rāgiṇī rachiẏā uṭhil nāchiẏā bīṇār tār||
ye bāṇī āmār kakhno kāreo haẏ ni balā
tāi diẏe gāne rachib nūtan nṛtyaklā|
āji akāraṇ bātāse bātāse yugāntarer sur bhese āse,
marmarasbare baner ghuchil maner bhār|
yemni bhāṅil bāṇīr bandh uchchhbasi uṭhe nūtan chhand,
surer sāhse āpni chakit bīṇār tār|