আন্মনা, আন্মনা,
তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না।
বার্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে,
তোমারো মন জানব না, আন্মনা আন্মনা ॥
লগ্ন যদি হয় অনুকূল মৌনমধুর সাঁঝে,
নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে,
দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা ॥
ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে
মন্দ মৃদুল তানে,
ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানীরব রাতে
অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে,
একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে
প্রান্তে বসে একমনে
এঁকে যাব আমার গানের আল্পনা,
আন্মনা, আন্মনা ॥
ānmanā, ānmanā,
tomār kāchhe āmār bāṇīr mālyakhāni ānab nā|
bārtā āmār byarth habe, saty āmār bujhbe kabe,
tomāro man jānab nā, ānmanā ānmanā ||
lagn yadi haẏ anukūl maunamdhur sām̐jhe,
naẏan tomār magn yakhan mlān ālor mājhe,
deb tomāẏ śhānt surer sāntbanā ||
chhande gām̐thā bāṇī takhan par̤ab tomār kāne
mand mṛdul tāne,
jhilli yeman śhāler bane nidrānīrab rāte
andhakārer japer mālāẏ ekṭānā sur gām̐the,
eklā tomār bijan prāṇer prāṅgaṇe
prānte base ekamne
em̐ke yāb āmār gāner ālpanā,
ānmanā, ānmanā ||