Aanandagaan uthuk tabe baaji

আনন্দগান উঠুক তবে বাজি
Work
Language

আনন্দগান উঠুক তবে বাজি
          এবার আমার ব্যথার বাঁশিতে।
অশ্রুজলের ঢেউয়ের 'পরে আজি
          পারের তরী থাকুক ভাসিতে ॥
যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো, ওই-যে উঠেছে,
সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে।
হৃদয় আমার উঠছে দুলে দুলে
          অকূল জলের অট্টহাসিতে--
কে গো তুমি দাও দেখি তান তুলে
          এবার আমার ব্যথার বাঁশিতে ॥
হে অজানা, অজানা সুর নব
          বাজাও আমার ব্যথার বাঁশিতে,
হঠাৎ এবার উজান হাওয়ায় তব
          পারের তরী থাক্‌-না ভাসিতে।
কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে
এমন করে ডাক দিয়েছে-- ঘরে কে রহে!
বাসার আশা গিয়েছে মোর ঘুরে,
          ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে
পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে
          তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে ॥

ānandagān uṭhuk tabe bāji
          ebār āmār byathār bām̐śhite|
aśhrujler ḍheuẏer 'pare āji
          pārer tarī thākuk bhāsite ||
yābār hāoẏā oi-ye uṭhechhe, ogo, oi-ye uṭhechhe,
sārārātri chakṣhe āmār ghum ye chhuṭechhe|
hṛdaẏ āmār uṭhchhe dule dule
          akūl jaler aṭṭahāsite--
ke go tumi dāo dekhi tān tule
          ebār āmār byathār bām̐śhite ||
he ajānā, ajānā sur nab
          bājāo āmār byathār bām̐śhite,
haṭhāt ebār ujān hāoẏāẏ tab
          pārer tarī thāk‌-nā bhāsite|
kono kāle haẏ ni yāre dekhā, ogo, tāri birhe
eman kare ḍāk diẏechhe-- ghare ke rahe!
bāsār āśhā giẏechhe mor ghure,
          jhām̐p diẏechhi ākāśharāśhite
pāgal, tomār sṛṣhṭichhār̤ā sure
          tān diẏo mor byathār bām̐śhite ||