আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো 'উঠ উঠ' সঘনে গভীরনিদ্রাগমনে ॥
হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী--
নব আনন্দে, নব জীবনে,
ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে ॥
হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে--
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে--
থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে ॥
যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়।
ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করো জীবনের কাজ--
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ॥
ānandadhbani jāgāo gagne|
ke āchh jāgiẏā purbe chāhiẏā,
balo 'uṭh uṭh' saghne gabhīranidrāgamne ||
hero timirarajnī yāẏ oi, hāse uṣhā nab jyotirmaẏī--
nab ānande, nab jībne,
phull kusume, madhur pabne, bihagakalakūjne ||
hero āśhār āloke jāge śhuktārā udaẏ-achal-pathe,
kiraṇakirīṭe taruṇ tapan uṭhichhe aruṇarthe--
chalo yāi kāje mānabasmāje, chalo bāhiriẏā jagter mājhe--
theko nā alas śhaẏane, theko nā magan sbapne ||
yāẏ lāj trās, ālas bilās kuhak moh yāẏ|
oi dūr haẏ śhok saṁśhaẏ duḥkh sbapanaprāẏ|
phelo jīrṇ chīr, paro nab sāj, ārambh karo jībner kāj--
saral sabal ānandamne, amal aṭal jībne ||