আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে,
কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে,
যেন এই কথাটি বাজে মনের সুরে--
তুমি আমার কাছে এসেছ ॥
কভু মধুর রসে ভরে হৃদয়খানি,
কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,
তবু নিত্য যেন এই কথাটি জানি--
তুমি স্নেহের হাসি হেসেছ ॥
ওগো কভু সুখের কভু দুখের দোলে
মোর জীবন জুড়ে কত তুফান তোলে,
যেন চিত্ত আমার এই কথা না ভোলে--
তুমি আমায় ভালোবেসেছ।
যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে
যবে পরিচিতের কোল হতে সে কাড়ে,
যেন জানি গো সেই অজানা পারাবারে
এক তরীতে তুমিও ভেসেছ ॥
āmār ye āse kāchhe, ye yāẏ chale dūre,
kabhu pāi bā kabhu nā pāi ye bandhure,
yen ei kathāṭi bāje maner sure--
tumi āmār kāchhe esechh ||
kabhu madhur rase bhare hṛdaẏakhāni,
kabhu niṭhur bāje priẏamukher bāṇī,
tabu nity yen ei kathāṭi jāni--
tumi sneher hāsi hesechh ||
ogo kabhu sukher kabhu dukher dole
mor jīban jur̤e kat tuphān tole,
yen chitt āmār ei kathā nā bhole--
tumi āmāẏ bhālobesechh|
yabe maraṇ āse niśhīthe gṛhadbāre
yabe parichiter kol hate se kār̤e,
yen jāni go sei ajānā pārābāre
ek tarīte tumio bhesechh ||