আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে--
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না-- সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল--
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে--
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে--
কোথা দিয়ে কোথায় গেল সে॥
āmār prāṇer 'pare chale gel ke
basanter bātāsaṭukur mato|
se ye chhum̐ẏe gel, nuẏe gel re--
phul phuṭiẏe gel śhat śhat|
se chale gel, bale gel nā-- se kothāẏ gel phire el nā|
se yete yete cheẏe gel kī yen geẏe gel--
tāi āpan-mane base āchhi kusumabnete|
se ḍheuẏer matan bhese gechhe, chām̐der ālor deśhe gechhe,
yekhān diẏe hese gechhe, hāsi tār rekhe gechhe re--
mane hal ām̐khir koṇe āmāẏ yen ḍeke gechhe se|
āmi kothāẏ yāb, kothāẏ yāb, bhābtechhi tāi eklā base|
se chām̐der chokhe buliẏe gel ghumer ghor|
se prāṇer kothāẏ duliẏe gel phuler ḍor|
kusumabner upar diẏe kī kathā se bale gel,
phuler gandh pāgal haẏe saṅge tāri chale gel|
hṛdaẏ āmār ākul hal, naẏan āmār mude ele re--
kothā diẏe kothāẏ gel se||