আমার মালার ফুলের দলে আছে লেখা
বসন্তের মন্ত্রলিপি।
এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ।
সাহানা রাগিণী এর
রাঙা রঙে রঞ্জিত,
মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে
গন্ধে তার গুঞ্জরে।
আন্ গো ডালা, গাঁথ্ গো মালা,
আন্ মাধবী মালতী অশোকমঞ্জরী,
আয় তোরা আয়।
আন্ করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা
প্রফুল্ল মল্লিকা,
আয় তোরা আয়।
মালা পর্ গো মালা পর্ সুন্দরী,
ত্বরা কর্ গো ত্বরা কর্।
আজি পূর্ণিমা রাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ
দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরথর মৃদু মর্মরি।
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে।
দিস নে মধুরাতি বৃথা বহিয়ে
উদাসিনী, হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা,
সুধাপসরা
ধুলায় দেবে শূন্য করি,
শুকাবে বঞ্জুলমঞ্জরী।
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারা পিক-বিরহকাকলি-কূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো,
কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে গো॥
āmār mālār phuler dale āchhe lekhā
basanter mantralipi|
er mādhurye āchhe yaubner āmantraṇ|
sāhānā rāgiṇī er
rāṅā raṅe rañjit,
madhukrer kṣhudhā aśhrut chhande
gandhe tār guñjare|
ān go ḍālā, gām̐th go mālā,
ān mādhbī māltī aśhokamañjarī,
āẏ torā āẏ|
ān karbī raṅgan kāñchan rajanīgandhā
praphull mallikā,
āẏ torā āẏ|
mālā par go mālā par sundarī,
tbarā kar go tbarā kar|
āji pūrṇimā rāte jāgichhe chandramā,
bakulakuñj
dakṣhiṇabātāse dulichhe kām̐pichhe
tharthar mṛdu marmari|
nṛtyaprā banāṅganā banāṅgane sañchare,
chañchalit charaṇ gheri mañjīr tār guñjare|
dis ne madhurāti bṛthā bahiẏe
udāsinī, hāẏ re|
śhubhalgan gele chale phire debe nā dharā,
sudhāpasrā
dhulāẏ debe śhūny kari,
śhukābe bañjulamañjarī|
chandrakre abhiṣhikt niśhīthe jhillimukhar banachhāẏe
tandrāhārā pik-birahakākli-kūjit dakṣhiṇabāẏe
mālañch mor bharal phule phule phule go,
kiṁśhukśhākhā chañchal hal dule dule go||