আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
নিদ্রাবিহীন গগনতলে॥
ওই আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন
হোথায় ছিল কোন্ যুগে মোর নিমন্ত্রণ--
আমার লাগল না মন লাগল না,
তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চ'লে
নিদ্রাবিহীন গগনতলে॥
হেথা মন্দমধুর কানাকানি জলে স্থলে
শ্যামল মাটির ধরাতলে।
হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন,
বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন--
আমার লাগল রে মন লাগল রে,
তাই এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে
শ্যামল মাটির ধরাতলে॥
āj tārāẏ tārāẏ dīpt śhikhār agni jbale
nidrābihīn gaganatle||
oi ālok-mātāl sbargasbhār mahāṅgan
hothāẏ chhil kon yuge mor nimantraṇ--
āmār lāgal nā man lāgal nā,
tāi kāler sāgar pār̤i diẏe elem cha'le
nidrābihīn gaganatle||
hethā mandamdhur kānākāni jale sthale
śhyāmal māṭir dharātle|
hethā ghāse ghāse raṅin phuler ālimpan,
baner pathe ām̐dhār-āloẏ āliṅgan--
āmār lāgal re man lāgal re,
tāi eikhānetei din kāṭe ei khelār chhale
śhyāmal māṭir dharātle||